নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করছে। তারপরও সরকারের চলার পথে ভুল থাকলে ধরিয়ে দেন।
শনিবার রাজধানীর মহাখালীতে ব্রাক সেন্টারে ‘ইকোনোমি অব বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘সরকার দেশের উন্নয়নের জন্য নানা ধরনের প্রকল্প হাতে নিয়েছে। আর এই সব প্রকল্পের মাধ্যমে দেশের মানুষ সুফল পাচ্ছে।’
এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষ চায় উন্নয়ন। সরকারও নানা ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। আর কেউ উন্নয়ন কাজে বাধা দিলে জনগণই প্রতিরোধের দেয়াল তৈরি করবে।’
তিনি বলেন, ‘পদ্মাসেতু আমাদের জন্য বিরাট একটি চ্যালেঞ্জ ছিল। তারপরও সরকার ঝুঁকি নিয়ে পদ্মাসেতু তৈরি করছে বলেই দেশের মানুষ আমাদের সঙ্গে আছে। মানুষ পদ্মাসেতুর সুফল পাবে।’
এ সময় তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করছে। তারপরও ভুল থাকলে আপনারা ধরিয়ে দেন।’
অনুষ্ঠানে বক্তারা সম্প্রতি ঘোষিত বাজেটে পোশাক খাতের জন্য দেওয়া ২ হাজার ৮০০ কোটি টাকার প্রণোদনা কমিয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য এক হাজার কোটি টাকা দেওয়ার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থপতি মোবাশ্বের হোসেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।

