যশোর প্রতিনিধি : ফেনীর সোনাগাজী থানার প্রাক্তন ওসি মোয়াজ্জেম হোসেন যাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারেন সেজন্য যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল বাশার বলেন, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশ সুপারের মাধ্যমে আমাদের কাছে তার পাসপোর্ট নাম্বার দেওয়া হয়েছে। মোয়াজ্জেম যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য চেকপোস্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। যাতে তিনি এই ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে যেতে না পারেন।’
শার্শা থানার ওসি এম মশিউর রহমান বলেন, ‘মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারি পরোয়ানা তার বাড়ি যশোরে পাঠানোর পর সীমান্তবর্তী শার্শা, বেনাপোল, চৌগাছা থানাকে তা অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তারা সতর্ক রয়েছেন।’
সীমান্তে কড়া নজরদারি রয়েছে বলে জানিয়েছেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা।
প্রসঙ্গত, মাদ্রাসা ছাত্রী নুসরাতের জবানবন্দি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা হয় ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে। ওই মামলায় গত ২৭ মে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

