চট্টগ্রাম প্রতিনিধি : বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় দুটি কন্টেইনারবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কর্ণফুলী নদীর মোহনা হয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ আগমন ও বহির্গমন বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর সূত্র জানায়, বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর থেকে একটি কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে প্রবেশ করছিল। এটি কর্ণফুলী নদীর মোহনায় পৌঁছলে বিপরীতমুখী একটি তেলের ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে দুটি জাহাজই কর্ণফুলী নদীর মোহনায় আটকা পড়ে। এর ফলে বন্দরের দিকে কোন জাহাজ প্রবেশ এবং বের হতে পারছে না। তবে সংঘর্ষে মুখোমুটি আটকে যাওয়া জাহাজ দুটি দুপুরের দিকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের শক্তিশালী ছয়টি টাগবোট ব্যবহার করে জাহাজ দুটি সরিয়ে নিয়ে বন্দর চ্যানেল মুক্ত করা হয়। এই দুই জাহাজের সংঘর্ষের ফলে সকাল থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজের আগমন ও বহির্গমন বন্ধ ছিল।
দুর্ঘটনাকবলিত জাহাজ দুটির মধ্যে শ্রীলঙ্কার পতাকাবাহী ৭৪৪ কনটেইনার আমদানি পণ্য নিয়ে বন্দর জেটির দিকে আসছিল এক্সপ্রেস মহানন্দা। আর কুয়েতি অয়েল ট্যাংকার এমটি বুরগান ডলফিন জেটি ত্যাগ করে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছিল। এই সময় দুটি জাহাজের সংঘর্ষ হয়। টাগবোট দিয়ে সরিয়ে নেওয়ার পর অয়েল ট্যাংকারটি ডলফিন জেটিতে এবং কন্টেইনারবাহী জাহাজটি চট্টগ্রাম ড্রাইডকে নিয়ে যাওয়া হয়েছে।
এই সংঘর্ষের ঘটনায় কেউ আহত হয়নি। জাহাজ দুটির সামনের অংশে ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা তদন্তে বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলমের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

