নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২২) নামে এক কলেজ ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
নরসিংদী থানা পুলিশ জানায়, ফুলন বর্মণ নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লার যুগেন্দ্র বর্মণের মেয়ে এবং নরসিংদীর উদয়ন কলেজের ছাত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলন তার মামার সঙ্গে দোকানে কেক আনতে গিয়েছিল। মামা কেক কিনে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। কেক নিয়ে বাড়ির আঙিনায় পৌঁছলে অজ্ঞাত দুই দুর্বৃত্ত তার হাত ও মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় । পরে স্থানীয় লোকজন ফুলনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

