নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বাজেট ঘোষণার পরই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা মিছিল করেন।
মিছিলপূর্ব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী যৌথভাবে একটি জনমুখী এবং কল্যাণমুখী বাজেট উত্থাপন করেছেন। এ বাজেটের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, ‘এবারের বাজেট গরিবের বাজেট। এ বাজেট কর্মসংস্থানের বাজেট। মেট্রোরেলের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন হবে, যা দেশকে এগিয়ে নেবে।’
এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। পরে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপাস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ১৯তম এবং বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

