খুলনা প্রতিনিধি : ‘সাইকেল চালান, শব্দ ও পরিবেশ দুষণ কমান; গাছ লাগান; মাদককে না বলুন’ এসব স্লোগান নিয়ে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশে সাইকেল প্রচারণা অভিযান শুরু করেছেন বাংলাদেশের দুই যুবক শেখ শরিফুল ইসলাম হিরন ও গাজী বাহারুল ইসলাম।
সোমবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তারা। গন্তব্য ভারতের কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।
তারা আজ যশোর প্রেসক্লাবে রাত যাপন করবেন। কাল মঙ্গলবার যশোর থেকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন।
এর আগে ২০১৪ সালে শেখ শরিফুল ইসলাম হিরন ও গাজী বাহারুল ইসলাম ‘ঠোট কাটা, তালু কাটা’ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে করে ভ্রমণ করেন। বিষয়টি সারা দেশে সাড়া জাগিয়েছিল। এছাড়া, ২০১৮ সালে এপেক্স বাংলাদেশের হয়ে খুলনার খানজাহান আলী (র.) সেতু থেকে ভারতের হাওড়া ব্রিজ পর্যন্ত সাইকেল চালিয়ে প্রচার চালান।
সাইক্লিস্ট শেখ শরিফুল ইসলাম হিরন ও গাজী বাহারুল ইসলাম বলেন, ‘আমরা শুধু ভ্রমণপিয়াসী নই। বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত সাইকেল চালালে শরীর সচল থাকে। অনেকাংশে রোগমুক্ত থাকা যায়। দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় কমানো যায়। সর্বোপরি পরিবেশ দূষণের কোনো আশঙ্কা নেই। সাইকেল চালালে মাদক থেকে দূরে থাকা যায়।
তারা বলেন, ‘আমরা বাংলাদেশদের খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাইকেলে প্রচারণার মধ্য দিয়ে পরিবেশ রক্ষা ও শব্দদূষণ রোধ এবং মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করতে চলেছি।

