নিজস্ব প্রতিবেদক : অভাবে জর্জরিত হয়ে এক সপ্তাহে দেশে ৯ জন আত্মহত্যা করেছে বলে দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, চালিতাবাড়িয়া দীঘা গ্রামে রোববার রাতে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন। তিন দিন আগে শনিবার অভাবের কাছে হার মেনে নরসিংদীতে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন এক বাবা। অভাবে জর্জরিত হয়ে এক সপ্তাহে ৯ জনের আত্মহত্যা বা অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
‘আর পত্রিকায় খবর বেরিয়েছে সরকারি দলের নেতা-কর্মীসহ অন্তত: ৬ লাখ লোক বিদেশে যাচ্ছে ঈদ করতে। যেখানে আগে ঈদ করতে মানুষ যেতো গ্রামের বাড়িতে। দেশে সম্পদ বন্টনের এই অসাম্য এবং দুর্নীতি করার অবারিত ব্যবস্থার জন্য দেশে এক লুটেরা গোষ্ঠীর জন্ম হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, মানুষ অভাবের কারণে করছে আত্মহত্যা, ধানের দাম না পেয়ে কৃষকরা ক্ষেতে আগুণ দিচ্ছে বা মহাসড়কে ধান ঢেলে দিচ্ছে! গণবিরোধী সরকারের সম্পূর্ণ ব্যর্থতায় এক ভয়াবহ অবস্থা চলছে দেশে।
‘বগুড়ার দুপচাচিয়া উপজেলায় দেবখণ্ড গ্রামে অল্প জমির মালিক মরিয়ম বেগম তার ক্ষেতের ধান হাটে বিক্রি করে শ্রমিকদের পারিশ্রমিক দিতে ব্যর্থ হয়ে নিজের টেলিভিশন বিক্রি করে মজুরি পরিশোধ করে। ধানের ন্যায্য মূল্য না পেয়ে ধান পুড়িয়ে দেওয়ার একই রকম দৃশ্য সারা দেশেই সংঘটিত হচ্ছে। চারদিকে দেখা দিয়েছে নৈরাজ্য, অস্বস্তি, ক্ষুধা ও হাহাকার। ধানের ন্যায্য মূল্য নিয়ে সরকার উদাসীন, এ বিষয়ে কোনো অগ্রগতি নেই, বরং তা বৃত্তপথে ঘোরপাক খাচ্ছে।’

