ময়মনসিংহ প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপি অনুষ্ঠানমালা আজ সোমবার কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে শেষ হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ পুলিশের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, স্মারকবক্তা হিসেবে বক্তব্য রাখেন লেখক ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির।
সমাপনী দিনে নজরুল মঞ্চে ‘নজরুল চেতনায় বঙ্গবন্ধু, বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় বক্তারা কবির সাহিত্যকর্মের বিভিন্ন দিক পর্যালোচনা করে তার কবিতা ও গান সবার অন্তরে ধারণ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, কবির লিখনী নির্যাতিত মানুষকে অন্যায়ের বিরুদ্ধে অধিকার আদায়ে প্রতিবাদী করেছিল। আর বঙ্গবন্ধু রাজনীতির কবি হিসেবে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে বাঙালিকে জাগিয়ে তুলে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছিলেন। এ থেকে স্পষ্ট বোঝা যায়, তাদের উভয়ের চিন্তা চেতনায় অভাবনীয় মিল ছিল। আলোচনা শেষে বিশিষ্ট নজরুল সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

