দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঠালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম একই ইউনিয়নের কামদেবপুর (ঈদগাঁ মোড়) এলাকার মোশাহক আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে আলম ধর্মজৈন এলাকার সীমান্তঘেঁষা মেইন পিলার নং ৩২০ এর ১০ এস মহাতলা নামক স্থান দিয়ে ভারত থেকে ফিরছিল। এ সময় তাকে ল্য করে গুলি ছোঁড়ে ভারতীয় সীমান্তরী বাহিনী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা রাতেই আলমের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
বিজিবির ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত হবে। এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বলা হয়েছে। সেখানে এই হত্যাকান্ডের কড়া প্রতিবাদ জানানো হবে।

