নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী ও আইসিসির প্রাক্তন সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী ক্রিকেট দলের সকলকে শুভেচ্ছা জানান। ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, নিদাহাস ট্রফি কিংবা এশিয়া কাপের ফাইনালে জিততে জিততে হেরেছে বাংলাদেশ। অবশেষে দূরদেশের ডাবলিনেই এলো স্বপ্নপূরণের মাহেন্দ্রক্ষণ। মাত্র ২৪ ওভারে ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে শিরোপা জয়ের স্বাদ পেল টাইগাররা।

