নারায়ণগঞ্জ প্রতিনিধি : চাঞ্চল্যকর মাজেদ আলী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র্যাব-১১। হত্যায় জড়িত তিনজনকে র্যাব গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে আদমজী নগরে র্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শমসের উদ্দিন জানিয়েছেন, পাবনা জেলার বাসিন্দা মাজেদ আলী ও তার স্ত্রী নাজমা বেগমকে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাত করার জন্য মাজেদ আলীকে হত্যা করে মেঘনা নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয়। র্যাব এ হত্যাকাণ্ডে জড়িত মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকার আদম ব্যবসায়ী মহিউদ্দিন বুলু, তার আত্মীয় গজারিয়া থানার গোয়াগাছিয়া এলাকায় সুলতান মাহমুদ বাবু ও কুমিল্লার দাউদকান্দি এলাকার নৌকা মাঝি সোহেলকে গ্রেপ্তার করে। সোহেল গত ১৩ মে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জুডিয়িাল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সোহেলের জবানবন্দির সূত্র ধরে মাজেদ আলীকে হত্যার সাথে সরাসরি জড়িত সুলতান মাহমুদ বাবুকে ১৪ মে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বিদেশে পাঠানোর জন্য কৌশলে পাবনা থেকে মাজেদ আলী ও তার স্ত্রীকে নারায়ণগঞ্জে নিয়ে আসে বুলু। পরে চলতি বছরে গত ১০ মার্চ ঘুরতে যাওয়ার কথা বলে মাজেদ আলীকে মেঘনা নদীতে নিয়ে যায় বুলু। সেখানে বুলুর আত্মীয় বাবু আগেই সোহেল মাঝির সাথে কথা বলে ১ হাজার টাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে রাখে। পরে সে নৌকায় মাজেদ আলীকে শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়। গ্রেপ্তারকৃত তিনজন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

