নিজস্ব প্রতিবেদক : ‘শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে মুক্তাগাছা আটনী বাজার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম. কে বাঙ্গালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এ ছাড়া সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, শ্রমিক নেতা আব্দুল আজিজ প্রমূখ। এ সময় হাজারো বিড়ি শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। ধূমপান বন্ধের নামে শুধু বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র কোনভাবেই হতে দেব না। বিড়ি বন্ধের আগে সিগারেটকে বন্ধ করতে হবে। বিড়ির ওপর আরোপিত সকল শুল্ক প্রত্যাহার করতে হবে।
এ ছাড়া বিড়ি শ্রমিকদের ন্যায্যমূল্য পরিশোধ করতে বিড়ি মালিকদের প্রতি অনুরোধ জানান বক্তারা।
এর আগে একই স্লোগানে নেত্রকোনায় সমাবেশ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা। নেত্রকোনা পৌরসভার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম. কে বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু।

