cকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরের ঈদগাঁওতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। এসময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, হাতহত চারজনই এসএসসি পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সঞ্জিত চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো-মোহাম্মদ ইমরান (১৬) ও মোহাম্মদ রাহুল (১৭)। আহতরা হলো-মোহাম্মদ জয়নাল ও মোহাম্মদ শামীম।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই সঞ্জিত বলেন, ‘মঙ্গলবার সকালে কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা চট্টগ্রামুখী হানিফ পরিবহনের একটি বাসের বিপরীত দিক দিয়ে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৪ আরোহী আহত হয়।’
তিনি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পথে মোহাম্মদ রাহুল নামের একজন মারা যায়। পরে হাসপাতালে পৌঁছার পর মোহাম্মদ ইমরান নামে আরো একজন মারা যায়। আহত অন্য দুজন মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সঞ্জিত বলেন, ‘এ ঘটনায় ঘাতক চালক ও সহকারী পালিয়ে গেলেও বিক্ষুব্ধ স্থানীয় লোকজন হানিফ পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ লোকজনকে সড়ক থেকে সরিয়ে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে।’
তিনি বলেন, ‘ঘটনায় হতাহত চারজনই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের সকলের বাড়ি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কালিরছড়া এলাকায়। তারা মোটরসাইকেল যোগে মিষ্টি কিনতে ঈদগাঁও স্টেশনে গিয়েছিল। ফেরার পথে ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।’
নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই সঞ্জিত।

