নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি প্রয়াত শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘সুবীর নন্দীর মতো এরকম একজন বড় মাপের শিল্পীকে হারিয়ে দেশ এক বিরল সংগীত প্রতিভাকে হারালো। তিনি তার গানের মাধ্যমে সব শ্রেণির মানুষকে কাছে টেনে নিতে সক্ষম হয়েছিলেন। আমি তার আত্মার শান্তি কামনা করি।
সুবীর নন্দী বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
৪০ বছরের দীর্ঘ সংগীতজীবনে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পাঁচবার। সংগীতে বিশেষ অবদানের জন্য এ বছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান তিনি।

