কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লা আল পায়েল (৩০) সদর উপজেলার কোতয়ালী থানাধীন চম্পকনগরগ্রামের সুলতান মাহমুদের ছেলে।
১০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, শুক্রবার ভোরে গোলাবাড়ি সীমান্ত এলাকায় মেইন পিলার ২০৮০ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে ১০ বিজিবির হাবিলদার শাহ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়। পরে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

