নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ নিয়ে রাজনীতি না করে ঘূর্ণিঝড় মোকাবেলায় বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় নিয়েও বিএনপি নোংরা রাজনীতি করছে। দুর্যোগ নিয়ে তারা লোক দেখানো বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নই। মানুষের পাশে দাঁড়িয়েছি।
‘পদ্মাসেতু ও কর্ণফুলি ট্যানেল প্রয়োজন নেই’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যের কড়া সমালোচনা করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বিএনপি দেশের উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না। এ কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। বিএনপি মহাসচিরে বক্তব্যের মাধ্যমে সেটাই প্রমাণ হলো। এই দুটি প্রকল্প হচ্ছে জাতির গর্বের প্রকল্প। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এ দুটি প্রকল্প বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।’
তিনি বলেন, ‘কর্ণফুলি ট্যানেল হলো এশিয়ার সর্বপ্রথম ট্যানেল। নদীতে ট্যানেল এখনো প্রতিবেশি কোন দেশে নেই। বিএনপি সব কিছুর মধ্যেই ‘কিন্তু’ খোঁজে, এটাই তাদের স্বভাব।’

