পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দুই হাজার টাকার জন্য বড় ভাই জিয়ারুল মণ্ডলকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই কাজিমের বিরুদ্ধে।
বুধবার সকাল ৯টার দিকে ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল মণ্ডল ঈশ্বরদী পৌর সদরের বস্তিপাড়া মহল্লার মন্টু মণ্ডলের ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ছোট ভাই কাজিম তার বড় ভাই জিয়ারুলের কাছে দুই হাজার টাকা পেতেন। বুধবার সকালে সেই পাওনা টাকা চান কাজিম। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই কাজিম তার বড় ভাই জিয়ারুলকে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় জিয়ারুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ছোট ভাই কাজিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

