নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, গত ১০ বছরে উপরতলার মানুষের সম্পদ বেড়েছে ১৫৫ শতাংশ আর নিচতলার মানুষের সম্পদ কমেছে ১২১ শতাংশ।
বুধবার রাজধানীর পল্টন মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মেনন বলেন, ‘আপনারা যারা উপরতলার মানুষ, তারা বাড়ির পর বাড়ি করছেন আর আমাদের গার্মেন্টস শ্রমিকরা যুগ যুগ ধরে ঝুঁপড়ি ঘরে বাস করছে। তাদের জন্য একটি ডরমেটরিরও ব্যবস্থা করতে পারেননি।’
তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকরা ৫৮ শতাংশ মানসিক, ২১ শতাংশ যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনকারী সেই মালিকদের সঙ্গে সরকার শ্রমিকদের ঐক্য করতে বলেছেন।’
এ সময় তিনি মালিকদের সঙ্গে ঐক্য না করে সবগুলো শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমার মনে হয় ঐক্য করতে পারলে সব দাবি আদায় করতে পারব।’
সমাবেশে সব কারখানায় মজুরি বাস্তবায়ন, সবক্ষেত্রে নারী পুরুষ সমতা, চাকরিচ্যুত ১১ হাজার শ্রমিককে পুনর্বহাল, শ্রমিকদের নামে দায়ের করা ৩৫টি মামলা প্রত্যাহারসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরিফা আক্তার প্রমুখ।

