নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ আগামী ১৪ মে ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে মামলাটির চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন।
শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে ১৪ মে চার্জ শুনানির নতুন এ তারিখ ঠিক করেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন। সাত আসামি মারা গেছেন।

