ঢাকাSunday , 28 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে স্কুলছাত্র অপহরণ, মুক্তিপণ না পেয়ে খুন!

Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী সংলগ্ন সন্ধ্যা নদী থেকে নয়ন হাওলাদার (১৫) নামে এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার মাথা, গলাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস।
রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।
এর আগের দিন শনিবার বিকেলে দাদার সাথে কৃষি জমিতে শাক তোলার সময় নয়নকে ডেকে নেয় অজ্ঞাতরা। এরপর তার বাবার মুঠোফোনে কল দিয়ে মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবী করেছিল তারা।
নয়ন পার্শ্ববর্তী উপজেলা উজিরপুরের বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং একই উপজেলার ভরসাকাঠী এলাকার সোবাহান হাওলাদারের ছেলে। তার বাবা-মা দু’জনেই চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন।
উজিরপুরের বাসিন্দা এমদাদুল কাশেম সেন্টু জানান, নয়ন তার দাদা ও বোনের সাথে শনিবার বিকেলে বাড়ির পাশের কৃষি জমিতে শাক তুলছিল। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ডেকে নেয়। পরে নয়নের মুক্তিপণ বাবদ তার বাবার কাছে ফোনে ২০ লাখ টাকা দাবী করে। বাবা সোবাহান হাওলাদার স্থানীয় সংবাদ কর্মীদের এই তথ্য জানিয়েছেন। মুক্তিপণ না পেয়ে রাতের যে কোন সময় দুর্বৃত্তরা রমজানকাঠীর একটি পাট ক্ষেতে নিয়ে নয়নকে কুপিয়ে এবং গলাকেটে হত্যা করে।
পরে বস্তায় নয়নের লাশ ভরে তার মধ্যে ইট দিয়ে রাতের কোনো এক সময় পাট ক্ষেত সংলগ্ন সন্ধ্যা নদীতে ফেলে দেয় তারা। এসময় নদীতে জোয়ার ছিলো, নদীতে ভাটা এলে স্থানীয়রা ফুলে ওঠা ওই বস্তা দেখে পুলিশে খবর দেয়।
বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, ‘নয়নকে কারা ডেকে নিয়েছিলো, কারা তার বাবার কাছে মুক্তিপণ দাবী করেছিল- সবকিছুর তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য তার লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে।’
এছাড়া এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।