নিজস্ব প্রতিবেদক : বিএনপি থেকে দু-একজন শপথ নিলেও এই সংসদ বৈধতা পাবে না বলে অভিমত প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
মওদুদ আহমদ বলেন, ‘সরকারপ্রধানসহ তাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলেছেন, বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা যেন সংসদে আসেন। আমি বলব, তারা সংসদে যাক আর না যাক, এ সংসদের বৈধতা কখনোই অর্জন করা সম্ভবপর হবে না।’
‘জাহিদুর রহমান সংসদে গিয়েছেন, যদি আরো দুই-একজন যান সরকারের কী সুবিধা হবে জানি না। তবে দেশের মানুষ জানবে, এসব কারণে এই সংসদের বৈধতা কখনই আসবে না, আসতে পারে না। কারণ, এই সরকার জনগণের প্রতিনিধিদের দ্বারা সংগঠিত হয়নি,’ বলেন তিনি।
সরকার খালেদা জিয়ার মুক্তি চায় না, এ অভিযোগ করে বিএনপির অন্যতম নীতিনির্ধারক ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এই সরকার চায় না বেগম খালেদা জিয়ার মুক্তি হোক। কারণ, তারা জানে, বেগম জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। তাকে মুক্তি দিলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, একদলীয় শাসনের অবসান ঘটবে এবং বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে।’
মানববন্ধনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান উপস্থিত ছিলেন।

