নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে বলেছিলেন। আমি খুব আশা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আশা দিয়েছিলেন, আমার স্বামীকে ফেরত দেবেন। কিন্তু যত দিন যেতে থাকল, ততো বুঝতে পারলাম এটা একটা নাটক ছিল।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মৌলিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে গুম এবং গণতন্ত্রের অব্যাহত সংকট শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
লুনা বলেন, ‘আমার স্বামী ২০১২ সালে বাসার সামনে থেকে ড্রাইভারসহ গুম হয়েছে। আমার বাসার চারপাশে চায়ের দোকানদার, সাধারণ মানুষ, গার্ড, যারা ছিলেন তারা দেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। কিন্তু পরের দিনই আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ভয়-ভীতি দেখিয়েছে।প্রথমে আমরা তাদের কাছ থেকে শুনেছি তুলে নিয়ে যাওয়ার ঘটনা। বিষয়টি মিডিয়ায় আসার পরে তাদেরকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি বিদেশে যেতে চাইলেও আমাদেরকে যেতে দেওয়া হয় না। রাত ৩টার সময় আমাদের বাসায় হামলা করানো হয়।’
তিনি আরো বলেন, ‘আমরা ৫০৭ জন গুমের কথা জানি। কিন্তু মহান আল্লাহ জানে এর বাইরে আরো কত হাজার জনকে গুম করা হয়েছে ।আমি আমার স্বামীসহ যারা গুম হয়েছে সবাইকে ফেরত চাই।’
আলোচনা সভায় ড. শাহদীন মালিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

