
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আসুন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য শপথ গ্রহণ করি।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, ‘শপথ আর প্যারোলের কথা বলে কোনো লাভ নাই। আমরা শপথ নিচ্ছি, এই সরকারকে অপসারণ করে গণতান্ত্রিক সরকার সিস্টেম ফিরিয়ে আনব। আমাদের শপথ হচ্ছে, মুক্তিযুদ্ধে আমরা যা অর্জন করেছি- সফলতা, গণতন্ত্র এবং আইনের শাসন, এটা ঐক্যফ্রন্ট এবং বিএনপি ফিরিয়ে আনবে।’
তিনি বলেন, ‘আমরা শপথ নিয়েছি, যেকোনোভাবে যেকোনো মূল্যে, যেকোনো আন্দোলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার। আপনারা (সরকার) যদি না দিতে না পারেন সেটা আপনাদের দীনতা। কিন্তু বাংলার মানুষ যদি একবার জেগে ওঠে, আপনাদের অবৈধ শাসন তছনছ করে ফেলবে, বেগম জিয়াকে তারা কারাগার থেকে মুক্ত করে আনবে।’
তিনি বলেন, ‘বর্তমান দেশে যে পরিস্থিতি চলছে সেখানে বলা যায়, দেশে কোনো জবাবদিহিমূলক শাসন নেই। আইনের শাসন নেই। মানুষের নিরাপত্তা নেই, ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে মানুষ জীবন যাপন করছে।’
‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। তিনি কোনো নির্বাচনে পরাজয় বরণ করেন নাই। যখন যেখানে দাঁড়িয়েছেন সেখানেই বিজয়ী হয়েছেন। শুধু তাকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য, তার দলের বিজয়কে আত্মসাৎ করার জন্য এ সরকার গত নির্বাচনে যে অপকর্ম করেছে, দিনের আলোতে যা করেছে রাতের গভীরেও তাই করেছে,’ বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বর্তমানে যে পরিস্থিতি মনে হচ্ছে, তাতে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তার চিকিৎসা দেওয়া হচ্ছে না। তার ন্যায্য পাওনা জামিন, যেটা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, সেটা দেয়া হচ্ছে না। চিকিৎসার জন্য তাকে বারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। হাইকোর্ট নির্দেশনার পরও সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে চিকিৎসা বন্ধ করে রেখেছে।’
আয়োজক সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য সম্পাদক কাদের গনি চৌধুরী, পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

