নিজস্ব প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যারাই ভবন নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি পেয়েছি। তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন। তদন্তে শুধু অনিয়ম আর দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হবে। কে কোন দল করেন, কোন মতাদর্শের তা আমলে নেওয়া হবে না। অনিয়মের সঙ্গ যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বনানীর এফআর টাওয়ারের অনিয়মের বিষয়টি জেনেও রাজউকের দায়িত্বপ্রাপ্ত যেসকল কর্মকর্তা বিষয়টি আমলে নেননি, তাদেরকে বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? এ বিষয়ে জানতে চাইলে গণপূর্তমন্ত্রী বলেন, রাজউকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে আছে। বনানীর ঘটনায় কারা জড়িত, কাদের অবহেলা ছিল, কারা দুর্নীতি-অনিয়ম করেছেন, তাদের খুঁজে বের করা হবে। একটু অপেক্ষা করুন, তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে।
শ ম রেজাউল করিম বলেন, মানুষ মারা গেলে ২ লাখ ৩ লাখ টাকা দিয়ে দিলাম, এসব আর চলবে না। এর আগে ভবন নির্মাণে যারা অনিয়ম করেছেন, তাদের একটু সময় দিতে চাই। নিয়ম অমান্য করে অতিরিক্ত ফ্লোর যারা বানিয়েছেন, তাদের দ্রুত নিজ উদ্যোগে ভেঙে ফেলতে হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা করাও তার দায়িত্ব। বিকল্প সিঁড়ি করতে হবে। যারা করবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

