স্পোর্টস ডেস্ক : দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে নিজের অষ্টম শিরোপার দৌড়ে চূড়ান্তপর্বে পৌঁছে গেলেন রজার ফেদেরার। এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করতে বোর্না কোরিচকে হারিয়েছেন সুইস কিংবদন্তি। এটা বগলদাবা করতে পারলে ক্যারিয়ারে ১০০তম শিরোপা জিতবেন তিনি।
শুক্রবার সেমিফাইনালে ক্রোয়েট প্রতিপক্ষকে মাত্র ৬৭ মিনিটে ফেদেরার হারিয়েছেন ৬-২, ৬-২ গেমে। ফাইনাল ম্যাচে তার প্রতিপক্ষ স্তেফানোস সিসিপাস। অস্ট্রেলিয়ান ওপেনের পর আবারও মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন তারা।
শিরোপার মাইলফলকের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত ফেদেরার। দুবাই ওপেনের ফাইনাল নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ‘কোরিচকে খুব বেশি সুযোগ না দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তাকে আমি দেখাতে পেরেছি জয় পাওয়া কতটা কঠিন। সবশেষে, আমি সত্যিই দারুণ খেলেছি। নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’
ক্যারিয়ারে এখনো পর্যন্ত ২০টি গ্র্যান্ডস্ল্যাম ঘরে তুলেছেন ফেদেরার। দুবাই থেকে নিজের অষ্টম শিরোপা জিততে পারলে এটিপি ট্যুরে ১০০তম ট্রফি উঁচিয়ে ধরবেন সাবেক নাম্বার ওয়ান। উন্মুক্ত যুগে তার আগে কেবল শিরোপার সেঞ্চুরির স্বাদ পেয়েছেন জিমি কনর্স। পুরো ক্যারিয়ারে ১০৯টি শিরোপা জিতেছিলেন আমেরিকান ওই টেনিস তারকা।

