স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে ভারত। শুক্রবার সেই জার্সি পড়ে আনুষ্ঠানিক ফটোসেশন করেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কাউর।
এ সময় তাদের সঙ্গে ছিলেন আজিঙ্কা রাহানে, পৃথ্বি শ ও নারী ক্রিকেটার জেমিমা রদ্রিগুয়েজ ।
অবশ্য এই জার্সি পড়েই আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। ঘরের মাঠে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে এই জার্সি পড়েই খেলবেন কোহলি-ধোনিরা।
নতুন জার্সিতে বিশ্বকাপ জয়ী ভারতের বিভিন্ন বিষয়কে প্রধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে বিশ্বকাপ জয়ের তারিখ, স্কোর। জিপিএর এর মাধ্যমে ১৯৮৩ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্মৃতি ব্যাক কলারে শোভিত করা হয়েছে।
জার্সির বিষয়ে আজিঙ্কা রাহানে বলেছেন, ‘এই জার্সিটা হয়তো নতুন, কিন্তু অনুভূতি পুরনো। ভারতের রঙের জার্সি গায়ে জড়ানোটা সব সময়ই বিশেষ কিছু।
কোহলি জানিয়েছেন, ‘দেশব্যাপী কোটি কোটি ভারতীয়দের মতো ক্রিকেট দলও ভয়ডরহীন চেতনার উপর দাঁড়িয়ে। আমরা বিশ্বাস করি যে যতবার আমরা মাঠে প্রবেশ করি ততোবার বিশ্ব আমাদের দেখে। বছরের পর বছর ধরে আমাদের ক্রিকেটের উন্নতি হয়েছে। আমরা যেভাবে খেলি ও খেলার মাঠে বিভিন্ন পরিস্থিতি সামাল দেই সেটা ভিন্ন। আমরা আমাদের ব্যক্তিগত দক্ষতার উপর ভিত্তি করে আত্মবিশ্বাস নিয়ে খেলি। দলের প্রতি এবং দলের সাফল্যের জন্য আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই জার্সিটি আমাদের খেলার ধরনের প্রতিচ্ছবি, যা আমাদের উজ্জীবিত করছে। যা আমাদের এবং নতুন এক ভারতকে তুলে ধরছে।’
নতুন জার্সির প্রশংসা করে ধোনি বলেছেন, ‘মাত্রই জার্সিটি পড়েছি। এটা খুবই আরামপ্রদ। মনে হচ্ছে শরীরে কিছুই পড়িনি। মনে হচ্ছে এটার কোনো ওজন নেই।’

