বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ফারিয়াকে। হঠাৎ করেই এমন দর্শকপ্রিয় একজন চিত্রনায়িকা উধাও! অথচ কোথায় তার অবস্থান তা কেউ-ই জানে না। এ নিয়ে পত্রিকায় অনেকবার খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অনেকটা মনগড়া কিংবা ভিত্তিহীন খবর।
এমন পরিস্থিতিতে তপু নামে এক বিনোদন সাংবাদিক তাকে আবিষ্কার করে থাইল্যান্ডের পাতায়ায়। ফারিয়া সেখানে একটি কোম্পানিতে কাজ করেন। ফারিয়ার সঙ্গে পরিচয় হয় তপুর। তপু জানতে চায়-কেন এত বছর ধরে আত্মগোপন করে আছেন? কিন্তু সেই উত্তর কি আদৌ মিলবে! তা জানতে ‘কেমন আছে ফারিয়া’ নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন এর পরিচালক দীপু হাজরা।
দয়াল সাহা রচিত এ নাটকের ফারিয়া চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন জোভান আহমেদ। এছাড়াও অভিনয় করেছেন ফারহাদ বাবু, মাহবুব শাহীন প্রমুখ। সম্প্রতি থাইল্যান্ডের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
কনসেপ্ট মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটি আগামীকাল শুক্রবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

