বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ইন্টারনেটে এ অভিনেত্রীর বেবি বাম্পসহ একটি ছবি ভাইরাল হয়েছে। এরপর থেকে গুঞ্জন চাউর হয়েছে, ফের মা হচ্ছেন এ অভিনেত্রী।
তবে সত্যি সত্যি অন্তঃসত্ত্বা নন কারিনা। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা গুড নিউজ। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এ সিনেমার দৃশ্যধারণের জন্যই বেবি বাম্পসহ সেটে হাজির হয়েছিলেন তিনি। সেই ছবিই পরবর্তীতে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।
গুড নিউজ সিনেমাটিতে আরো অভিনয় করছেন অক্ষয় কুমার। সিনেমাটিতে অক্ষয়-কারিনাকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। এতে দিলজিৎ দুসাঞ্জ ও কিয়ারা আদভানিকেও দেখা যাবে।
সিনেমাটি পরিচালনা করছেন রাজ মেহতা। এটি প্রযোজনা করছেন করন জোহর ও অক্ষয় কুমার। চলতি বছর ৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
২০০৭ সালে অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে কারিনার সম্পর্কের শুরু। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। ২০১৬ সালের ২০ ডিসেম্বর সাইফ-কারিনার দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

