বিনোদন ডেস্ক : তরুণ পরিচালক ভিকি জাহেদ। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় এসেছেন। এবার তিনি নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লিটল রোম ক্যাফে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জোভান আহমেদ ও লাক্স সুপারস্টার প্রতিযোগিতার দ্বিতীয় রানার-আপ সামিয়া অথৈ।
এ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘‘লিটল রোম ক্যাফে’ একদিকে যেমন সম্ভাবনার গল্প, অন্যদিকে আক্ষেপের গল্প। পৃথিবীর কিছু ভয়ংকর ঘটনা আছে, যা হয়তো অন্যভাবেও ঘটতে পারত। কিন্তু শুধু সদিচ্ছা অথবা আত্মোপলব্ধির অভাব ছিল। এমন এক কালো অধ্যায় নিয়ে নতুন স্বল্পদৈর্ঘ্যটির গল্প সাজানো হয়েছে। আমার বিশ্বাস, এর ক্লাইম্যাক্স দর্শকদের মনুষ্যত্ব ও মানবতা নিয়ে নতুন করে ভাবাবে।’’
জোভান-অথৈ ছাড়াও এতে অভিনয় করেছেন-আদিল খান, হোসাইন আহমেদ মাসুম, শুভ ও সালাম খান তরুণ। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শেখ সাইফ। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে।
এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন বিদ্রোহী দীপন। সম্পাদনা, রঙ ও ভিএফএক্স করেছেন অর্ণব হাসনাত। সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পন। শিল্পনির্দেশক ছিলেন জাহিদ প্রীতম। কস্টিউমে আলভিরা তাসনিম। লাইন প্রডিউসার আদিল খান।
সিএস অভি প্রযোজিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামী ২ মার্চ আনভি ফক্স’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।

