বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এ অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে একটি আয়োজক প্রতিষ্ঠান। পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
অবশেষে বিষয়টি নিয়ে বক্তব্য জানিয়েছে সোনাক্ষীর টিম। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘দিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য সোনাক্ষীর সঙ্গে এক আয়োজক প্রতিষ্ঠান যোগাযোগ করেছিল। কিন্তু বারবার মনে করিয়ে দেয়া সত্ত্বেও অনুষ্ঠানের আগে আয়োজকরা চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দিতে ব্যর্থ হয়। শর্ত অনুযায়ী আয়োজক প্রতিষ্ঠান দিল্লি যাওয়ার টিকিটের ব্যবস্থা করেনি, এমনকি পরদিন সকালে সোনাক্ষীর শুটিং আছে জানার পরও তার ও টিমের জন্য রিটার্ন টিকিটেরও ব্যবস্থা করা হয়নি, যার ফলে সবাই একটু কঠিন পরিস্থিতির মুখে পড়ে যায়। চুক্তি অনুযায়ী অর্থ ও টিকিটের জন্য আয়োজকদের সঙ্গে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি এবং তারা শর্ত অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আয়োজকদের দ্বায়িত্বহীনতার কারণে সোনাক্ষী ও তার টিমের সদস্যরা মুম্বাই বিমানবন্দর থেকে বাড়িতে ফিরতে বাধ্য হয়। এরপর থেকে সোনাক্ষীর ম্যানেজমেন্ট এজেন্সি আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, যেন আলোচনা করে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ অথবা অন্য কোনো দিন নির্ধারণ করা যায়। কিন্তু তা সম্ভব হয়নি। আয়োজকরা এখন মিডিয়াতে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করছে। তারা যদি এটি বন্ধ না করে তাহলে সোনাক্ষী ও তার টিম আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে। মিডিয়ার প্রতি অনুরোধ, সত্যতা পরীক্ষা না করে কেউ যেন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে না পারে।’
এর আগে আয়োজকরা দাবি করে, শেষ মুহূর্তে এসে সোনাক্ষী ফ্লাইট বাতিল করে এবং বিকাল তিনটা সময় পুনরায় তা নির্ধারণ করে। কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে বারবার অনুরোধ সত্ত্বেও অনুষ্ঠানে অংশ নিতে রাজি হননি এ অভিনেত্রী। এর ফলে প্রায় ৩৭ লাখ রুপি ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। গতকাল রোববার পুলিশের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, সোনাক্ষীসহ আরো চারজন ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।
সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) রবীন্দ্র গাউর সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এই মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাক্ষী সিনহা ও চারজনের কাছে নোটিশ পাঠিয়েছেন কিন্তু কোনো উত্তর না পাওয়ায় গত শুক্রবার একটি এফআইআর দায়ের করা হয়েছে।’
ভারতের উত্তর প্রদেশের কাঠগড় থানায় এ মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন-অভিষেক সিনহা, মালভিকা পাঞ্জাবি, ধুমিল টাক্কর ও এডগার শাকারিয়া। থানার এক কর্মকতা জানিয়েছেন, ভারতীয় পেনাল কোড ৪২০ (প্রতারণা) ও ৪০৬ (বিশ্বাস ভঙ্গের অপরাধ) ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

