স্পোর্টস ডেস্ক : উত্তাপ ছড়িয়ে চেলসিকে হারিয়ে লিগ কাপের শিরোপা ঘরে তুললো ম্যানচেস্টার সিটি। শিরোপা নির্ধারনী ম্যাচে নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দল। অতিরিক্ত সময়েও গোলের জন্য হাহাকার করেছে তারা। শেষপর্যন্ত পেনাল্টি ভাগ্যে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পেপ গার্দিওলার সিটি।
লিগ কাপের ফাইনাল ম্যাচে গতকাল ওয়েম্বলিতে মুখোমুখি হয় ম্যানসিটি ও চেলসি। গতকাল রাতে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় সিটিজেনরা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো লিগ কাপের শিরোপা জিতল দলটি। আর সব মিলিয়ে এ প্রতিযোগিতায় এটা তাদের ষষ্ঠ শিরোপা।
ম্যাচের প্রথমার্ধের অধিকাংশ সময় চেলসির রক্ষনে চাপ প্রয়োগ করে সিটি। তবে প্রতিপক্ষের জমাট বাধা রক্ষনের কারণে সেসময় গোলের দেখা পায়নি সাজিও আগুয়েরো-রাহিম স্টার্লিংরা। বিশ্রামে যাওয়ার ঠিক আগে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির গোলের প্রচেষ্টা নষ্ট করে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।
বিরতির পর পাল্টা আক্রমণে নিজেদের জানান দিতে থাকে চেলসি। ম্যাচের ৬৬তম মিনিটে পাল্টা আক্রমণে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বাইলাইন থেকে কাটব্যাক করলেও গোল পাননি ইডেন হ্যাজার্ড। এরপর নির্ধারিত সময়ে সিটির খেলোয়াড়রাও বেশ কিছু সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও জালের দেখা পায়নি কোনো দলের খেলোয়াড়রা। ম্যাচের ১০৯ মিনিটে স্টার্লিংয়ের কাটব্যাক গোলমুখে জটলার মধ্যে পেলেও শট নিতে পারেননি আগুয়েরো। এরপর ফল নির্ধারণের জন্য পেনাল্টিতে গড়ায় ম্যাচটি।
পেনাল্টি শুট আউটের আগে ঘটে মজার এক কান্ড। ক্র্যাম্প বেশ ভোগাচ্ছিল চেলসি গোলরক্ষক আরিসাবালাগাকে। তাই শেষের দিকে তার জায়গায় টাইব্রেকারের জন্য আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবাইয়েরোকে নামাতে চেয়েছিলেন কোচ মাওরিসিও সারি। তবে হাত নেড়ে মাঠ থেকে উঠে যেতে অস্বীকৃতি জানান বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক। তার এমন ব্যবহারে ডাগআউটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সারি।
জর্জিনিয়োর নেওয়া চেলসির প্রথম শটটি রুখে দেন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন। এরপর ভাগ্য পক্ষে না থাকায় ডেভিড লুইসের চার নম্বর শট পোস্টে লেগে ফিরে আসে। তবে দলটির হয়ে গোল পান কেবল সেসার আসপিলিকুয়েতা, এমেরসন ও হ্যাজার্ড।
পেনাল্টিতে সিটির তৃতীয় শট নিতে আসা লেরয় সানেকে থামিয়ে দিয়ে চেলসিকে আশা দেখিয়েছিলেন আরিসাবালাগা। তবে শেষপর্যন্ত জয় পাওয়া সম্ভব হয়নি তাদের। ইলকাই গিনদোয়ান, সার্জিও আগুয়েরো, বের্নার্দো সিলভা ও রাহিম স্টার্লিংয়ের গোলে জয় পেয়ে যায় সিটি।

