নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে আইন রয়েছে। কিন্তু সেই আইনের যথাযথ প্রয়োগ হয় না। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এ কথা বলেন। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) যৌথভাবে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ এর সহায়তায় ‘তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অগ্রগতি, বাধা ও করণীয়: গ্যাটস ২০১৭ এর আলোকে একটি বিশ্লেষণ’ শীর্ষক আলোচনার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, গত একদশকে বাংলাদেশে তামাক ব্যবহার কমেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তামাকের ক্ষতিকারক দিকের প্রচার চালানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
আইন অমান্য করে ‘দেবী’ চলচ্চিত্র প্রদর্শনের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, এটা আমি খোঁজ নিয়ে দেখব। আইন ভঙ্গ করে কেউ এটা করতে পারবে না। কেউ যদি আইন অমান্য করে প্রদর্শন করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের গেস্ট অব অনার স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, গ্যাটস এর তথ্য-উপাত্ত বিশ্লেষণ আমাদের বেশকিছু দিক নির্দশনা দিয়েছে। সে আলোকে ভবিষ্যৎ তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সাজাতে হবে। তিনি আরও বলেন, তামাক নিয়ন্ত্রণে মিডিয়ার ভূমিকা অনবদ্য। এই ধারা অব্যাহত রাখতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, তামাকের দাম এখনও অনেক সস্তা। দাম বাড়িয়ে এসব পণ্য দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে পরবর্তী পঞ্চ বার্ষিক পরিকল্পনার কাজ শুরু হয়েছে, সেখানে তামাক নিয়ন্ত্রণের বিষয়টি আরও বিস্তৃত পরিসরে অন্তর্ভুক্ত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর গ্রান্টস ম্যানেজার আব্দুস সালাম মিয়া, কনভেনর অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোজাম্মেল হোসেন।

