আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের মামলা করেছে দেশটির পুলিশ। বুধবার সন্ধ্যায় এই মামলা করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মালদ্বীপের অ্যাটর্নি জেনারেল এই মামলা করেছেন। ইয়ামিনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে পুলিশের কাছে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগও রয়েছে।
প্রেসিডেন্ট থাকাকালে ইয়ামিন মালদ্বীপ মার্কেটিং অ্যান্ড পিআর করপোরেশনের মাধ্যম দ্বীপ ইজারাসহ অবৈধভাবে অর্থ লেনদেন করেছিলেন অভিযোগ করে রাষ্ট্রীয় তদন্ত কর্তৃপক্ষ পুলিশের কাছে মামলা করার পর ইয়ামিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
রাজ্জে মালদ্বীপ নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম বলেছে, ‘রাষ্ট্রীয় এই অর্থ মালদ্বীপ ইসলামিক ব্যাংকে ইয়ামিনের অ্যাকাউন্টে জমা করা হয়েছে, যা পরে পাচার করা হয়।’
এর আগে চলতি মাসের প্রথম দিকে মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে ইয়ামিন সরকারের কোনো সদস্যের দুর্নীতির বা ক্ষমতার অপব্যবহার সম্পর্কে তথ্য থাকলে তা প্রকাশের আহ্বান জানোনো হয়।
গত বছরের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনে পরাজিত হন ইয়ামিন। ক্ষমতায় থাকাকালে স্বেচ্ছাচার, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

