আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৩০ জন। প্যারিসের অভিজাত আরল্যাঙ্গার স্ট্রিট এলাকায় পার্ক দেস ফুটবল স্টেডিয়াম ও ফ্রেন্স ওপেন টেনিসের মাঠ রোলাঁ গারোর কাছে একটি আট তলা ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
সোমবার রাতে আগুন লাগার পর অগ্নিনির্বাপন দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান । সেখানে উদ্ধার কাজ চালানোর সময় তিন দমকল কর্মী আহত হয়েছেন। ভবনের সাত ও আট তলায় আগুন লেগেছে জানিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অগ্নিনির্বাপন দলের এক মুখপাত্র।
মঙ্গলবার দি গার্ডিয়ান জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সন্দেহভাজন এক নারীকে আটক করেছে পুলিশ। প্যারিসের সরকারি কৌসুলি রেমো হেইজ সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ ওই ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনে বসবাসকারী এক নারীকে আটক করা হয়েছে।

