নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা তথ্য মন্ত্রণালয়কে সরকারের অন্যতম সেরা মন্ত্রণালয় হিসেবে রূপান্তর করতে চাই। এজন্য সবার আন্তরিকতা প্রয়োজন।
সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় সভাপতির সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য সচিব আবদুল মালেক পরিচালিত এ সভায় মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও অধীন দপ্তরগুলোর প্রধানরা অংশ নেন।
এ সময় তথ্য মন্ত্রণালয়কে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘এ মন্ত্রণালয়ের কার্যক্রম জনগণকে সরকারের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা এবং যে উন্নয়ন হয়েছে তার তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং একই সাথে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেগুলোকে প্রদর্শন করা। এসব কাজ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়ে থাকে।’
তিনি বলেন, ‘গণমাধ্যম ক্ষেত্রে আমাদের অনেকগুলো আইন ও নীতিমালা তৈরি করতে হবে। যেগুলোর কার্যক্রম শুরু হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল কাজ আমরা শেষ করতে চাই।’

