আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া তার পরমাণু সমৃদ্ধকরণ সব স্থাপনা ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন বিশেষ দূত। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে স্টিফেন বাইগান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন,যুক্তরাষ্ট্রকে আগে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি ‘সম্পূর্ণভাবে বুঝতে’ হবে। উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণে জবাবে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে তিনি আলোচনার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন বাইগান।
সম্প্রতি ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠকটি কখন ও কোথায় হবে শিগগিরই তিনি তা ঘোষণা করবেন। এর আগে গত বছর সিঙ্গাপুরে দীর্ঘদিনের বৈরি দেশ দুটির প্রধান সিঙ্গাপুরে প্রথম বৈঠকটি করেছিলেন।
স্টানফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া ভাষণে বাইগান জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কাছে পরমাণু সমৃদ্ধকরণ সব স্থাপনা ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রকল্পে ‘বিশেষজ্ঞদের প্রবেশাধিকার ও পর্যবেক্ষণ প্রক্রিয়া’র বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে সম্মত হতে হবে।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ অবসানে প্রস্তুত। আমরা উত্তর কোরিয়ায় হস্তক্ষেপ করতে চাই না। আমরা সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাই না।’

