খুলনা প্রতিনিধি : খুলনায় বিআরটিসি বাসের চাপায় আবুল হোসেন (৪৫) নামের একজন নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দাদা ম্যাচ ফ্যাক্টরির অদূরে কোকাকোলা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন নগরীর চানমারী এলাকার আবুল মালেক মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চানমারী গলির সামনে বিআরটিসির একটি বাস ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা আবুল হোসেন রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খুলনা সদর থানার উপপরিদর্শক মিলন বলেন, ‘সকালে কোকাকোলা কার্যালয়ের সামনে দিয়ে ইজিবাইকে করে যাচ্ছিলেন আবুল হোসেন। এ সময় সিগারেটের ধোঁয়া বাইরে বের করার জন্য তিনি মুখ ইজিবাইকের বাইরে নিলে পাশ থেকে বিআরটিসির একটি বাসের সাথে ধাক্কা লাগে। তখন তিনি ছিটকে বাসের নিচে চলে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি জানান, ঘটনাস্থল থেকে বিআরটিসি বাসটি আটক করা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি। ইজিবাইকের চালকও ইজিবাইক রেখে পালিয়েছে।

