নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ি পৌর ছাত্রদলের সভাপতি শহিদ উল্যা লিটনকে (২৮) বাড়ির সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লিটনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার নোয়াখালীর সীমান্ত সংলগ্ন বিপুলাশার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটন সোনাইমুড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড গোবিন্দপুর এলাকার মো. হানিফের ছেলে।
সোনাইমুড়ী পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক জানান, শনিবার রাতে সিএনজি অটোরিকশাযোগে বাজার থেকে গোবিন্দপুর এলাকায় বাড়ির সামনে গিয়ে নামেন লিটন। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগে একদল দুর্বৃত্ত একটি মাইক্রোবাস নিয়ে পিছন থেকে লিটনকে তুলে নিয়ে যায়।
পরে তারা লিটনের গায়ের শার্ট দিয়ে তার মুখ বেঁধে ফেলে। রাত ১২ টার দিকে দুর্বৃত্তরা কুমিল্লা জেলার বিপুলাশার এলাকায় নিয়ে ব্যাপক মারধর ও নির্যাতন শেষে লিটনের ডান পায়ে গুলি করে মুখ বাঁধা অবস্থায় তাকে গাড়ি থেকে ফেলে দেয়। পরে খবর পেয়ে স্থানীয়রা সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় লিটনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

