নিজস্ব প্রতিবেদক : ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের (ইসি) আশ্বাসে বিশ্বাস নেই বিএনপির। এই মন্তব্য করেছেন দলটির নীতি নির্ধারকদের একজন ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেছেন, ইসি মুখে যত কথা বলুক না কেন, একটা কথাও বিশ্বাস করবেন না। তাদের মুখে এক কথা, মনের মধ্যে আরেক কথা। তারা জানে, কোন কিছুর ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের কোনো কথা পুলিশ বা প্রশাসন শোনে না। শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মওদুদ আহমদ বলেন, ‘বিভিন্ন কর্মকর্তার বদলির জন্য বিএনপির পক্ষ থেকে ইসিতে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ইসি এখনো কোনো পদক্ষেপ নেয়নি। ইসি সম্পূর্ণ ব্যর্থ।’ ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে নানা প্রতিবন্ধকতা তৈরি করবে আশঙ্কা প্রকাশ করে তা মোকাবেলার প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
জনগণ ভোট দিতে পারলে বিএনপির বিশাল বিজয় হরে দাবি করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। তারা (ক্ষমতাসীন দল) এটা সামলাতে পারবে না যদি মানুষ ভোট দিতে পারে।’
‘সেজন্য ভোটের অধিকার নিশ্চিত করতে ভোটারদের বোঝাতে হবে, যত অসুবিধা হোক না কেন, যত হুমকি-ধমকি থাকুক না কেন, আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে। ভোটের মাধ্যমে এই সরকারের সব অপকর্মের উত্তর দিতে হবে।’
‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এই সভাটি যৌথভাবে আয়োজন করে ‘আদর্শ নাগরিক আন্দোলন’ ও ‘জাতীয় মানবাধিকার আন্দোলন’।
মওদুদ বলেন, ‘গত দুদিনে তিনজন প্রার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আরও বাড়বে এবং গায়েবী মামলা চলতেই থাকবে। প্রতিরোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই আমাদের। কোনো বিকল্প নেই ভোট ছাড়া।’
আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জনগণ আপনাদের পক্ষে আছে। যেখানে যাই, এটা আমি দেখতে পাই। বাতাস আপনাদের পক্ষে আছে। এই সরকার টিকতে পারবে না। নৌকা ডুবে গেছে। এই নৌকাকে আর উঠানো যাবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

