নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মহানবী (সা.) মদিনা সনদের মাধ্যমেই বিশ্বে প্রথম ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। কিন্তু কিছু মুসলিম নামধারীরা আজ ধর্মকে পুঁজি করে বিশ্বব্যাপী ধর্মান্ধতা ছড়িয়ে দিতে তৎপর রয়েছে।
বুধবার রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশান আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ধর্মের নামে তারা মানুষ হত্যা করছে। আমাদের দেশেও এরা তৎপর রয়েছে। তারা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে। ইদানীং তারা দেশে জঙ্গিবাদ, উগ্রবাদকে উসকে দিয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এদের কারণে শান্তির ধর্ম ইসলাম আজ গোটা বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদের কাছ থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওলামায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

