কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত দুইজনই মাদক ব্যবসায়ী। মঙ্গলবার সকালে টেকনাফের কেরুনতলী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী এলাকায় র্যাবের নিয়মিত চেকপোস্ট বসে। মঙ্গলবার সকালে চেকপোস্ট এলাকায় র্যাব একটি ট্রাককে থামানোর চেষ্টা করে। ট্রাকচালক ট্রাক থামায়নি। এরপর ট্রাক থেকে র্যাবকে লক্ষ্যে করে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলি থেমে গেলে ট্রাকে থাকা দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে এক লাখ পিস ইয়াবা, দুটি অস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে র্যাব জানায়।

