গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে হাবিবুর রহমান (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা এবং আরো পাঁচজনকে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাতে টঙ্গীর পূর্ব আরিচপুরের জামাইবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় রাজিব (২০) নামের এক যুবককে আটক করেছে।
নিহত হাবিব স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে এবং কাঠের ফার্নিচারের এক দোকানের কর্মচারী ছিলেন। আহতরা হলেন- স্থানীয় বাসিন্দা হাসান (১৮), জিসান (১৫), রুহান (১৫), বাবু (১৮) ও মাহফুজ (১৪)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন ও স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে রাত ৯টার দিকে জামাইবাজার এলাকায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হাবিবসহ কয়েকজনকে কোপায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ওসি জানান, এ ঘটনায় রাজিব নামের এক যুবককে আটক করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

