ঢাকাSunday , 18 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসিতে মামলার তালিকা দিল বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের তালিকা প্রধানমন্ত্রীকে দেওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার সেই তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এই তালিকা জমা দেয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল।
ইসির কাছে অভিযোগ করে বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেননি। তফসিল ঘোষণার পর থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা ও হয়রানি অব্যাহত আছে।
এ ছাড়া দলটি অভিযোগ করে, নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তালিকা অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭৭৩ জন।
মৃত, অসুস্থ, হজ পালনরত, বিদেশে অবস্থান করা ব্যক্তিদের নামেও মামলা করা হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে মিথ্যা ও গায়েবী মামলা এবং গ্রেপ্তারের তালিকা দেওয়ার জন্য জানান সরকার প্রধান। সেই আলোকে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কার্যালয় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবর ৭ নভেম্বর প্রথম দফায় ১ হাজার ৪৬টি মামলার তালিকা দেয় বিএনপি। দলটি পরবর্তীতে দ্বিতীয় দফায় ১ হাজার ২টি মামলার নম্বর, ধারাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৩ নভেম্বর।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, দুই দফায় মামলার তালিকা জমা দেওয়ার মামলাগুলো প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের অব্যাহতি দেওয়া হয়েছে কি না, তা এখন পর্যন্ত জানানো হয়নি বলেও চিঠিতে উল্লেখ করে বিএনপি।
চিঠিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, মামলাগুলো প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদেরকে অব্যাহতি না দেওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। গত ৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৭৭৩ জন বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এ তালিকা গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন বরাবর দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে হলেও কমিশনের নির্দেশ উপেক্ষা করে ধারাবাহিকভাবে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বাড়িতে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া তালিকা প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া হলো।’
এর আগে গত ১৬ নভেম্বর সিইসির কাছের ৪৭২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের তালিকা জমা দেয় বিএনপি।
৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পুনঃতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর ও ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর।