ঢাকাThursday , 15 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বানচাল করতে চায় বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নয়াপল্টনে বিএনপির তাণ্ডবের ঘটনা পূর্ব পরিকল্পিত। বিএনপি আসলে নির্বাচনে আসতে চায় না। তারা মূলত নির্বাচন বানচাল করতে চায়। তাই এই ধরনের তাণ্ডব ঘটিয়ে তারা অস্থিরতা সৃষ্টি করছে।’
সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বুধবার আন্দোলনের নামে সহিংসতার আশ্রয় নিয়েছে বিএনপি। তারা পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ আপনারা (সাংবাদিক) দেখেছেন। তারা পুলিশের গাড়িতে উঠে শেখ হাসিনার পতন চেয়েছে। এটা কেন? তারা আসলে নির্বাচনে যেতে চায় না, তারা নির্বাচন বানচাল করতে চায়। বিএনপি যদি আবারো নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণই তা প্রতিহত করবে। কারণ সাধারণ মানুষ নির্বাচন চায়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের আগে এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তবে আপনাদের ভাবতে হবে এর জন্য কে দায়ী? বিএনপি কর্মীরা সেখানে ম্যাচ জ্বালিয়ে গাড়িতে আগুন ধরিয়েছে, সেখানে বলা হচ্ছে ছাত্রলীগ নাকি হামলা করেছে।’
‘আমি ভাবতে পারিনি মির্জা ফখরুল এতোটা মিথ্যা কথা বলবেন। তিনি এ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে আমরা হতবাক। ছাত্রলীগ নাকি হামলা করেছে এটা কেউ বিশ্বাস করবে? আমি ভাবতেও পারিনি মির্জা ফখরুলের মুখে এমন মিথ্যা কথা শুনতে হবে,’বলেন ওবায়দুল কাদের।
হামলার ঘটনায় ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা তো নির্দেশ দিতে পারি না। এখন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে পারে তদন্ত করার জন্য। আমরা দেখছি, নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিতে পারে?’
তিনি প্রশ্ন রাখেন, ‘নির্বাচনী সুবাতাস কারা বিনষ্ট করছে? এখানে সরকারের কোনো দায়-দায়িত্ব নেই। ঘটনা পূর্ব পরিকল্পিত। নির্বাচন বিনষ্টের যে অশুভ তৎপরতা তা কাল প্রমাণ করেছে বিএনপি। তারা যদি নির্বাচন চান তাহলে তাদের এ অশুভ তৎপরতা বন্ধ করতে হবে।’
এবার কোনো অশুভ শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ সতর্ক পাহারায় রয়েছে। এ ধরনের কোনো অপতৎপরতা চালালে জনগণ তা প্রতিহত করবে।’
ঐক্যফ্রন্টের দাবি নির্বাচন পেছানো হোক- এ ব্যাপারে আপনাদের বক্তব্য কী জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের দাবি একেবারেই অযৌক্তিক। তারা নির্বাচন বানচালের জন্যই এ দাবি করেছেন। আমাদের মতো বড় দল না চাইলে কীভাবে নির্বাচন পেছাবে? আরো দল আছে তারা তো নির্বাচন পেছানোর পক্ষে না।’
‘আমি ঐক্যফ্রন্টের কাছে প্রশ্ন রাখতে চাই, ‘হু ইজ দেয়ার পিএম ফেস। এটা আমি জানতে চাই। এটা দেশবাসীও জানতে চায়। তাদের প্রধানমন্ত্রী কে হবেন? ড. কামাল নাকি তারেক রহমান?’ বলেন আওয়ামী লীগের এই শীর্ষনেতা।
নির্বাচনকালীন সরকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকার বলে কোনো কিছু সংবিধানে নেই। পৃথিবীর সব দেশে যখন নির্বাচন হয় তখন বর্তমান সরকার দায়িত্বে থাকে। আর নির্বাচন কমিশন বাকি দায়িত্ব পালন করে।’
বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যা ছাড়া আর কেউ বাদ পড়ার সম্ভাবনা নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘টেকনোক্র্যাট মন্ত্রী থাকবে না। প্রধানমন্ত্রী এটা (পদত্যাগপত্র) গ্রহণ করলে রাষ্ট্রপতির কাছে যাবে, তারপর ফাইনালি তাদের পদত্যাগ হয়ে যাবে। তবে বর্তমান মন্ত্রিসভা থেকে মন্ত্রী আর কমার সম্ভাবনা নেই।’
খালেদার মুক্তি ও নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়ার বিষয়ে আমি সবিনয়ে বলব, এটা আদালতের এখতিয়ার। এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না।’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ : আগামী একাদশ জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের কাছে মাঠ পর্যায়ের সার্ভে রিপোর্ট রয়েছে সব দলের বিষয়ে। সেখানে সব ধরনের প্রতিবেদন আছে। এটা প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। এ সার্ভে রিপোর্ট থেকে নির্বাচনে আমরা বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। তবে নির্বাচনটা অতটা সহজ হবে বলে যেন কেউ মনে না করে। আমরা প্রতিদ্বন্দ্বীদের দুর্বল মনে করি না।’