নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬জন বিবাদীর বিরুদ্ধে ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণ খেলাপীর মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি।মঙ্গলবার মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন বিবাদীপক্ষের আইনজীবীরা সময় আবেদন করেন। ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী বছরের ১৫ মে ধার্য করেন। ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠন করেন একই আদালত।
মামলার আসামিরা হলেন-বেগম খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, প্রয়াত সাঈদ এস্কাদরের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান, প্রয়াত বিবাদী মোজাফফরের স্ত্রী শামসুন্নাহার এবং ছেলে মাসুদ হাসান।
ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপী ঋণের ওই মামলায় এর আগে মামলাটিতে বিবাদী হিসেবে থাকা কোকা মারা যাওয়ায় ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকার স্ত্রী সন্তানদের বিবাদী হিসেবে পক্ষভুক্ত করেন।
২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপীর অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

