চট্টগ্রাম প্রতিনিধি : সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বন্দরনগরী চট্টগ্রামের ১৬টি নির্বাচনী আসনে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। এখানের নির্বাচনী আসনগুলোর মধ্যে নগরীতে ৬টি এবং জেলায় রয়েছে ১০টি আসন। এসব আসনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পেতে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন।
অপর দিকে জেলা নির্বাচন অফিসও সুষ্ঠু ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে প্রায় ৩৫ হাজার নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব নির্বাচনী কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে জেলা নির্বাচন অফিস।
এদিকে নগরীর ও জেলার ১৬ আসনে আওয়ামীলীগ, বিএনপি বা অন্যান্য দল থেকে কারা প্রার্থী হচ্ছেন, কারা মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে ভোটারদের মধ্যেও সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। নির্বাচনের লক্ষ্যে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠে থাকলেও অন্যান্য দলের প্রার্থীদের এখনো মাঠে দেখা মিলছে না।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান জানান, আসন্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন পুরোদমে প্রস্তুতি গ্রহণে ব্যস্ত জেলা নির্বাচন অফিস। এ নির্বাচনে চট্টগ্রামে ৩৫ হাজার ৬৬২ জন নির্বাচনী কর্মকর্তা তিনটি পৃথক ক্যাটাগড়িতে দায়িত্বে থাকবেন।
নির্বাচন কর্মকর্তা জানান, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর একাদশ নির্বাচনে এসে ভোটার বেড়েছে সোয়া ৭ লাখ। আগামী নির্বাচনে চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৫৬ লাখ ৪১ হাজার ২১৯ জন্য। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ১৪ হাজার ৫৪ জন ও মহিলা ভোটার ২৭ লাখ ২৭ হাজার ১৬৫ জন।
এদিকে নির্বাচনী দপ্তরের নির্বাচন প্রস্তুতির পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন ভোটার এবং প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীরা এখনো মনোনয়নের অপেক্ষায় থাকলেও মাঠে থেকে নানা কৌশলে ভোটারদের মনযোগ আকর্ষনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম নগরীর বাইরে ১০টি সংসদীয় আসনে ২/১টি ব্যতিক্রম ছাড়া আগের প্রার্থীরাই মনোনয়ন পাবেন বলে স্থানীয় এবং দলীয় সূত্রে জানা গেছে।

