নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে পর লাগা আগুনে দগ্ধ আবদুর রব (২৫) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
মঙ্গলবার সকাল পৌনে ৯টায় দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রবের বাবা আরব আলী তরফদার (৪৫) ও মা হাসিনা আক্তার (৪০) মারা যান।
সোমবার রাত পৌনে ১১ টার দিকে আরব আলী তরফদার ও শনিবার সকালে হাসিনা আক্তার মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২ নভেম্বর সকালে আশুলিয়ার বেড়ন এলাকার মানিকগঞ্জপাড়া কবরস্থান রোডের আব্দুল হামিদের দোতলা বাড়ির নীচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের পর লাগা আগুনে পাঁচজন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন- রবের স্ত্রী রিপা আক্তার (২০), তাদের দেড় বছরের মেয়ে আয়শা আক্তার। তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

