নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। কেউ এ নির্বাচনে বাঁধা সৃষ্টি করতে চাইলেও তারা সফল হবে না। নির্বাচন বানচালের জন্য আন্দোলনের নামে যে কোন নৈরাজ্য প্রতিহত করবে সরকার।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে উদ্বেগের কোনো কারণ নেই। নির্বাচন ডিসেম্বর মাসেই হবে। আর মাত্র তিন মাস সময় আছে। এখন আমাদের দেশের রাজনৈতিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল। আমাদের মনে হয়না এটাকে কেউ বিঘিœত করার চেষ্টা করবেন। চেষ্টা করলেও বিঘিœত করতে পারবেন না। সুতরাং আমি দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা নিয়ে মোটেও চিহ্নিত নই।’
তিনি বলেন, ‘আমি বহুদিন ধরেই বলছি যে, আগামী নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে। বিএনপি অবশ্যই এ নির্বাচনে আসবে। তারা নির্বাচনে অংশ না নিলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে বলে আমার মনে হয়না। আশা করছি আগামী নির্বাচন খুব ভালো হবে। এবং নির্বাচন যে নিরপেক্ষ হয় সেটার উদাহরণ আমরা ইতোমধ্যেই স্থাপন করেছি। আবার নতুন করে সেটা প্রমাণ করতে হবে না।’
আজ একটি ধর্মঘট শুরু হয়েছে এতে অর্থনীতির জন্য কোনো ক্ষতি হবে কিনা- এ প্রশ্নে তিনি বলেন, ‘কারা ধর্মঘট করছে?’ পরিবহণ শ্রমিকরা সড়ক আইনের পরিবর্তন চেয়ে ধর্মঘট করছে জানানো হলে তিনি বলেন, ‘কোনো রকম নৈরাজ্য সৃষ্টি চেষ্টা সফল হতে দেবে না সরকার। এর জন্য সরকারকে যতটা কঠোর হতে হবে ততটুকু কঠোর হবে। নৈরাজ্যের চেষ্টা যে কোনো পরিস্থিতিতে যেই করুক না কেনো সরকার সেটা নিয়ন্ত্রণ করবে।’
এবার নির্বাচনকালীন সরকার কি রকম হতে পারে- এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘প্রধানমন্ত্রীতো বলেই দিয়েছেন, হয়তো উনি এটাতে কোনো পরিবর্তন করবেন না। হয়তো এটাই চলতে থাকবে। দুইএক দিনের মধ্যেই পরিবর্তনটা কি হবে সেটা সবাই বুঝতে পারবেন।’
অনুষ্ঠানে ২০১৬-২০১৭ র্অথবছরের লভ্যাংশের ৪০ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।

