নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত এবং গণতন্ত্র পুনরুদ্ধার প্রশ্নে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে যান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করতে চায়। অন্যান্য দল যাতে নির্বাচনে না আসে, সেই ব্যবস্থা করছে তারা। ৫ জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়।’
‘গত কয়েক বছরে আওয়ামী লীগের লক্ষ্যটা হচ্ছে যে, বিরোধী দলগুলোকে বাইরে রেখে তারা নির্বাচনে যেতে চায়। এজন্য বাংলাদেশের গণতন্ত্রে যার অবদান সবচেয়ে বেশি তাকে (খালেদার জিয়া) জেলে নিয়েছে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করছে,’ বলেন তিনি।
নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার যা চাইছে, তারা তাই করছে। এই নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হবে না, তা আমরা বারবার বলেছি। এটা শুধু বিশ্বাসের কথা নয়, এটাই বাস্তবতা। সুতরাং বর্তমান নির্বাচন কমিশন কখনোই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে না।’
বিএনপিতে ১/১১ এর সংস্কারপন্থি নেতাদেরকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘যারা দলের বাইরে ও নিস্ক্রিয় ছিল, তাদের ভূমিকা পালন করার জন্যই সক্রিয় করা হচ্ছে দলের সিদ্ধান্ত অনুযারী।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরজাতুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ যুবদলের শত শত নেতা-কর্মী।

