ঢাকাWednesday , 24 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্ট নেতারা

Link Copied!

সিলেট প্রতিনিধি : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন নবগঠিত জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নেতারা সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করেছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী একসাথে মাজার জিয়ারতের কথা থাকলেও পৃথকভাবে জিয়ারত করেন সরকার বিরোধী এ জোটের শীর্ষ নেতারা।
এর মধ্যে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা বুধবার সকালে মাজার জিয়ারত করেছেন। অন্যদিকে, ড. কামাল হোসেনসহ অন্য নেতারা মঙ্গলবার রাতেই মাজার জিয়ারত শেষ করেন।
বিএনপি সূত্র জানায়, বুধবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আসেন মির্জা ফখরুলসহ জোটের নেতারা। বিমানবন্দর থেকে সরাসরি শাহজালাল (র.) মাজার জিয়ারতে যান তারা।
এরপর তারা নগরীর অদূরে হজরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারতও করেন। দুই মাজার জিয়ারতের সময় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মাজার জিয়ারতের সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপি ও জোটের অনেক নেতা।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বলেন, ‘দুই ওলির মাজার জিয়ারতের পর নেতৃবৃন্দ রোজ ভিউ হোটেলে বিশ্রামে রয়েছেন। বিশ্রাম শেষে দুপুরে রেজিস্ট্রারি মাঠের জনসভায় যোগ দেবেন নেতারা।’
দুপুর ২টায় ঐক্যফ্রন্টের প্রথম জনসভায় সভাপতিত্ব করবেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
রাত ৮টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান। এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং ডাকসুর প্রাক্তন ভিপি সুলতান মোহাম্মদ মনসুরসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. কামাল বলেন, ‘সমাবেশকে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা যাতে পূরণ হয় সেই লক্ষ্যে কাজ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।’
এ সময় বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক ও অবরুদ্ধ করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ এটা করার কথা নয়। যদি এটা করে থাকে তাহলে এটি অন্যায়। পুলিশকে দেখতে হবে, কোথাও আইনের ব্যত্যয় ঘটেছে কি না।’
মাজার জিয়ারত শেষে ড. কামাল হোসেন সিলেটেই রাত্রি যাপন করেন।=
নগরীর রেজিস্ট্রি মাঠে দুপুর ২টায় শুরু হওয়া জনসভা বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী।